শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার উস্কানিদাতারা দেশের শত্রু: আমু

করোনাকালে যারা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য উস্কানি দিচ্ছে তাদেরকে দেশ ও জাতির শত্রু বলে মন্তব্য করেছেন ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সিনিয়র নেতা আমির হোসেন আমু। বুধবার (২৪ ফেব্রুয়ারি) অনলাইনে ১৪ দলীয় জোটের এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

আমু বলেন, যারা আজকে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন রকম কথা বলছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজকে যে পরিবেশটাকে সামনে রেখে হল খোলার কথা বলছেন, আজকে শেখ হাসিনার দূরদর্শি নেতৃত্বের কারণে, তার কঠিন সিদ্ধান্তের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার কারণেই এই পরিবেশটা আপনারা পেয়েছেন।

প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনায় বড় ক্ষতি থেকে বেঁচে গেছি। আরেকটু ধৈর্য ধরলে পুরো সংকটটি উৎরাতে পারবো। যে কারণে ১৫ আগস্টের ট্রাজেডি হয়েছে, সেই একই কারণে এখন ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি করেন আমু।

করোনার বিষয়ে তিনি বলেন, একটু পরিবেশ ভালো দেখেই উৎফুল্ল হওয়ার কোনো কারণ থাকতে পারে না। আপনারা আস্থা রাখুন শেখ হাসিনার দূরদর্শি নেতৃত্বের প্রতি। যেভাবে তিনি কভিড-১৯ প্রতিরোধ করতে সক্ষম হচ্ছেন, যেভাবে তিনি বিশ্বনন্দিত নেত্রী হিসেবে প্রতিষ্ঠা-পরিচিত লাভ করেছেন। আজকে সেভাবে এই ক্ষয়ক্ষতি না হওয়ার কারণে আর একটু ধৈর্য ধরলে আজকে সেই জায়গাটা আরও উত্তরণ করতে পারবো।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর