ফরিদপুর ভাতিজার লাঠির আঘাতে নিহত সেনা সদস্যের দাফন সম্পন্ন

ফরিদপুরের মধুখালীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আপন ভাতিজার লাঠির আঘাতে নিহত সেনা সদস্য উজ্জ্বল মৃধার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে নিহতের কফিন নিয়ে আসা হয় ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিটিউট মাঠে। সেখান থেকে তার মরদেহ একটি এ্যাম্বুলেন্সে গ্রামের বাড়ীতে নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষ করে বাদ মাগরিব মরদেহ দাফন সম্পন্ন হয়।

নিহত সেনা সদস্য মো. উজ্জ্বল মৃধা মধুখালীর রায়পুর ইউনিয়নের লক্ষ্মী নারায়ণপুর গ্রামের সেকেন্দার মৃধার ছেলে। তিনি অবিবাহিত ছিলেন। কর্মরত ছিলেন ল্যান্স করপোরাল পদে সিলেট সেনানিবাস-২ এর প্যারা ব্যাটালিয়নে।

পারিবারিক সূত্র জানায়, গত ৩০ জানুয়ারি দুই মাসের নিয়মিত ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি। ১২ ফেব্রুয়ারি বড় ভাই মো. এনায়েত মৃধার (৪৫) কাছে ছোট ভাই উজ্জ্বলের পাওনা ৯ হাজার টাকা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এসময় এনায়েতের ছেলে আকাশ মৃধা (২৫) বাঁশের লাঠি দিয়ে চাচা উজ্জ্বল মৃধাকে মাথার পেছনে আঘাত করেন। এতে উজ্জ্বল মৃধা গুরুতর আহত হন। এ অবস্থায় তাঁকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁর প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা সিএমএইচে হস্তান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উজ্জ্বল মারা যান।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বার্তা বাজারকে জানান, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর