স্বাস্থ্য কর্মকর্তার দুর্ব্যবহারের প্রতিবাদ খেলার মাঠেও

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা শিরিন লুবনা কর্তৃক ক্রীড়া ফেডারেশনের এক কর্মকর্তাকে লাঞ্চিত করার ঘটনায় খেলার মাঠেও প্রতিবাদ জানানো অব্যাহত রেখেছেন খেলোয়াড় ও ক্রীড়া কর্মকর্তারা।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) ক্লেমন কালীগঞ্জ টি-টুয়েন্টি ক্রিকেট কাপ টুর্ণামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলা শুরুর আগে এ প্রতিবাদ জানানো হয়। এ সময় সকল দলের খেলোয়াড়েরা মাঠে পিচের উপরে ব্যাট, প্যাট, ইউকেট ও বলসহ খেলার সামগ্রী রেখে ১০ মিনিট মৌন প্রতিবাদ জানান।

এছাড়াও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা শিরিন লুবনার দুর্ব্যবহারের ঘটনায় ঝিনাইদহ সিভিল সার্জন অফিস একটি তদন্ত কমিটি গঠন করেছে। গত সোমবার থেকে তদন্ত কমিটি ভুক্তভোগী ও সাধারণ মানুষের বক্তব্য গ্রহণ করেন।

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি অসুস্থ স্ত্রীকে করোনার টিকা দেওয়ার বিষয়ে জানতে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা শিরিনের অফিস কক্ষে প্রবেশ করায় ক্রীড়া ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান লাড্ডুকে লাঞ্চিত করা হয়। এ ঘটনা জানাজানি হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন সাধারণ মানুষ।

শোয়াইব উদ্দিন/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর