পর্যাপ্ত বরাদ্দ না থাকায় ঠিকাদারদের পাওনা পরিশোধ করতে পারছে না পানি উন্নয়ন বোর্ড (পাউবি)। যে কারণে মাঝে মধ্যে প্রকল্পের কাজ বন্ধ থাকে। এমতাবস্থায় কাজের গুণগত মান নিশ্চিত ও বাস্তবায়ন কাজ অব্যাহত রাখতে পানি মন্ত্রণালয়ের বাজেট বাড়ানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে এ বৈঠকে কমিটির সদস্য প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, এ এম নাঈমুর রহমান, সামশুল হক চৌধুরী ও নুরুন্নবী চৌধুরী শাওন এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে পানি উন্নয়ন বোর্ডের বাজেট বরাদ্দ ও জনবল সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। সে প্রতিবেদনে বলা হয়, সরকারের ডেল্টা প্ল্যান বাস্তবায়নে পানি সম্পদ মন্ত্রণালয়ে দক্ষ ইঞ্জিনিয়ার প্রয়োজন। প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি তা যথাসময়ে ছাড় করতে হবে।
সে প্রতিবেদনে বলা হয়, আগামী জুনে ৬৭টি প্রকল্প শেষ করার জন্য নির্ধারিত আছে। প্রকল্পগুলোর বাস্তবায়ন কাজ শেষ করতে অতিরিক্ত প্রায় ৪ হাজার ৩শ কোটি টাকা বরাদ্দ প্রয়োজন। কিন্তু চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে চাহিদা অনুযায়ী অতিরিক্ত বাজেট বরাদ্দ ও অর্থ ছাড় করা সম্ভব হয়নি। ফলে প্রকল্পগুলোর বাস্তবায়ন কাজ বাধাগ্রস্থ হচ্ছে।
কমিটি সূত্র থেকে জানা যায়, বৈঠকে প্রতিবেদনটি নিয়ে আলোচনা করার পর অধিকংশ প্রকল্পের বাস্তবায়ন কাজে ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করা হয়। আর অর্থ ছাড়ের কারণে প্রকল্পের বাস্তবায়ন কাজ যাতে কোনোভাবেই আটকে না থাকে সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়। পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ বাড়ানোর সুপারিশ করা হয়। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের সার্বিক কার্যক্রমের উন্নয়নের লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডকে অধিদপ্তর করার সুপারিশ করা হয়।
এছাড়া খুলনার কয়রা উপজেলা এবং নোয়াখালী ও ভোলা জেলার বাঁধগুলি উঁচু ও সংরক্ষণকরণ কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনাকালে মূল ভূ-খন্ড সংরক্ষণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বার্তাবাজার/ভি.এস