ঠাকুরগাঁও সীমান্তে কিশোরকে বিএসএফের নির্যাতন

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা সীমান্তে জমিতে বোরো ধানের চারা রোপণের সময় শাহা আলম (১৭) নামে এক কিশোরকে নির্যাতন করে বিএসএফ সদস্যরা। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে হরিপুর উপজেলার বেতনা সীমান্তের ৩৬৭ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বেতনা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কোমান্ডার হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভারতের কোয়ালিঘর ক্যাম্পের বিএসএফ সদস্যরা কিশোরকে নির্যাতন করেছে। এ ব্যাপার পতাকা বৈঠক করার জন্য বিএসএফ-কে চিঠি দেওয়া হয়েছে।

জানা যায়, আহত শাহ আলম হরিপুর উপজেলার মানিকখাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে। নজরুল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার সীমান্তের ৩৬৭ নম্বর পিলারের কাছে নিজস্ব জমিতে বোরো ধান রোপণ করছিল শাহ আলম। এ সময় কোয়ালিঘর ক্যাম্পের বিএসএফ সদস্যরা এসে তাকে তুলে নিয়ে কাটা তারের কাছে শারীরিক নির্যাতন চালায়। এতে শাহ আলম অজ্ঞান হয়ে পড়লে তাকে মৃত ভেবে ফেলে রেখে যায় বিএসএফ সদস্যরা। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শাহ আলমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যত্বরত চিকিৎসক সজিব জানান, শাহ আলমকে চিকিৎসা দেওয়া হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর