সায়েন্সল্যাবে মুখোমুখি অবস্থানে শিক্ষার্থী-পুলিশ

বিভিন্ন বর্ষের পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার, হল ও ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সরে যেতে বলেছে পুলিশ। এখন শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান করছে। তাদের পাশেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পূর্বঘোষিত এই অবরোধ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের এই অবরোধ কর্মসূচি দুপুর পর্যন্তও চলে।

দুপুরে পুলিশ গণমাধ্যমের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি স্থগিত করার আহ্বান করেন। শিক্ষার্থীরা সরে না গেলে অ্যাকশনে যেতে বাধ্য হবেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ প্রসঙ্গে পুলিশের রমনা অঞ্চলের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে সাত কলেজ শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমার তাদের অনুরোধ করছি সরে যেতে। যানজট শুরু হয়ে গেছে। সরে না গেলে আমরা অ্যাকশনে যাবো। অ্যাকশনে গেলে ক্ষতিগ্রস্ত হবে শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষার্থীদের দাবি, চলমান পরীক্ষার উপর স্থগিতাদেশ প্রত্যাহার করে পরীক্ষা নিতে হবে। দাবি বাস্তবায়ন ছাড়া রাজপথ ছাড়বে না বলেও জানিয়েছে সাত কলেজ শিক্ষার্থীরা।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর