ডিভোর্স পেপার ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা তাম্মির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে তামিমার সাবেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন। বিষয়টি গণমাধ্যমকে রাজিব নিজেই জানিয়েছেন।
এর আগে ডিভোর্স না নিয়ে নাসিরকে বিয়ে করায় তামিমার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছিলেন রাকিব। এবার নাসির-তামিমার বিরুদ্ধে মামলা করেছেন তিনি।
মামলার এজহারে উল্লেখ করা হয়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তিন লাখ টাকা দেনমোহরে তামিমাকে বিয়ে করেন রাকিব। তাদের ঘরে রয়েছে তার ৮ বছর বয়সী এক কন্যাও। তামিমা পেশায় একজন কেবিন ক্রু। তিনি সৌদি এয়ারলাইন্সে কর্মরত রয়েছেন।
মামলার অভিযোগে থেকে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি তামিমা ও নাসিরের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তা রাকিবের নজরে আসে। পরবর্তীতে পত্র-পত্রিকায় তিনি ঘটনার বিষয়ে সম্পূর্ণ জেনেছেন।
মামলার অভিযোগে আরও বলা হয়, তামিমা রাকিবের সঙ্গে বিয়ের সম্পর্ক চলমান থাকাবস্থায় নাসিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যা ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। নাসির রাকিবকে ফোন করে জানান যে সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে তিনি অবগত এবং তার নিকট তামিমা আছেন। আসামির সঙ্গে তিনি অবৈধ বিয়ের সম্পর্ক দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন, যা নিকৃষ্ট ব্যভিচার।
অভিযোগে আরও বলা হয়, তামিমা ও নাসিরের এমন অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে রাকিব ও তার শিশু কন্যা মারাত্মকভাবে মানসিক বিপর্যস্ত হয়েছেন। আসামিদের এহেন কার্যকলাপে রাকিবের চরমভাবে মানহানি হয়েছে, যা তার জন্য অপূরণীয় ক্ষতি।
বার্তাবাজার/নব