পরীক্ষা পেছানোর প্রতিবাদে ও হল ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর ৭ কলেজের শিক্ষার্থীরা ফের নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন।
বুধবার(২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে ২য় দিনের মতো বিক্ষোভ শুরু করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই স্থগিত করা হয়েছে তাদের পরীক্ষা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের খামখেয়ালি মনোভাবের বহিঃপ্রকাশ এই সিদ্ধান্ত। শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, স্নাতক ৪র্থ বর্ষের মাত্র একটি পরীক্ষা বাকি ছিলো। এ অবস্থায় সরকারের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত তাদের শিক্ষা জীবন ও পরবর্তী কর্মজীবনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। এমন সিদ্ধান্তকে সরকারের চরম উদাসীনতা বলেও অভিযোগ করে শিক্ষার্থীরা।
একই দাবিতে মঙ্গলবার(২৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়। তারপরেই নীলক্ষেত মোড়ে প্রথমে মানবন্ধন করেন শিক্ষার্থীরা। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
বার্তাবাজার/পি