জামালপুরের ইসলামপুর পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় এবং তাকে সহযোগিতা করার দায়ে উপজেলা আওয়ামী লীগের ২ নেতাসহ উপজেলা ছাত্রলীগের সভাপতিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, স্বতন্ত্র পরিচয়ে মেয়র পদে আ. লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী এস এম জাহাঙ্গীর আলমের জগ প্রতীকে নির্বাচনে সহযোগিতা করার দায়ে উপজেলা আ.লীগের উপ-প্রচার সম্পাদক পরবতোষ সেন এবং কোষাধ্যক্ষ মাহমুদুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রকিব চৌধুরীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) ফেব্রুয়ারি) দলীয় প্যাডে জেলা আ.লীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ইসলামপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে ‘জগ’ প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করায় উপজেলা আ.লীগের উপ-প্রচার সম্পাদক পরিতোষ সেনকে এবং উপজেলা আ.লীগের কোষাধ্যক্ষ মাহমুদুল হাসানকে জেলা আ.লীগের সিদ্ধান্ত অনুযায়ী গঠনতন্ত্রের ৪৭(১১) ধারা মোতাবেক প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের জন্য সংগঠন থেকে অব্যহতি পূর্বক বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
অন্যদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রকিব চৌধুরীকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২৩ফেব্রুয়ারি) দলীয় প্যাডে জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ এবং সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় বহিষ্কারের ওই তথ্য। তাকে কেনো স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না মর্মে তা আগামী ১৫ দিনের মধ্যে প্রেস বিজ্ঞপ্তিতে কারণ দর্শানোর কথা বলা হয়।
জেলা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ জানান, ‘বহিষ্কারের সিদ্ধান্ত জেলা আ.লীগের। এ সিদ্ধান্ত কেন্দ্রে প্রেরণ করা হবে।’
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি দলীয় প্যাডে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এস এম জাহাঙ্গীর আলমকে উপজেলা আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। এছাড়া তাকে সহযোগিতা করার দায়ে উপজেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলামকেও বহিষ্কার করা হয়।
জেলা আ.লীগের দায়িত্বশীল নেতারা জানান, এখন থেকে আ.লীগের কোনো নেতাকর্মী দলের নির্দেশ অমান্যকারী নির্বাচনে মেয়র পদে অংশ নেয়া জাহাঙ্গীর আলম, আনোয়ারুল ইসলাম, পরিতোষ সেন, মাহমুদুল হাসানের সঙ্গে সম্পর্ক বা সম্পৃক্ততা রাখলে তাঁকেও সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হবে।
জানা যায়, মেয়র পদে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান মেয়র আব্দুল কাদের সেখ। কিন্তু দলীয় সিদ্ধান্ত না মেনে উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন।
ইয়ামিন মিয়া/বার্তাবাজার/ভি.এস