আগামী ১০০ বছরেও এমন প্রধানমন্ত্রী আমরা পাবো না: নৌ প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে সমানভাবে দেখেন এজন্য সারাদেশে একযোগে সমানভাবে উন্নয়ন হচ্ছে। আগামী ১০০ বছরেও তার মত প্রধানমন্ত্রী পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রংপুরের পীরগঞ্জে মেরিন একাডেমি প্রকল্প বাস্তবায়ন ও অগ্রগতি পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ১৯৬২ সালে চট্টগ্রামে একটি মেরিন একাডেমী প্রতিষ্ঠত হয়েছিল। বঙ্গবন্ধু যখন ৬ দফা ঘোষণা করলেন তখন পাকিস্তানী শাসকগোষ্ঠী চট্টগ্রাম থেকে এটি প্রত্যাহার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়। ১৯৭২ সালে বঙ্গবন্ধু এটি আবার চট্টগ্রামে প্রতিষ্ঠা করেন। আগে মেরিন সেক্টরে শিক্ষার কোনো কার্যক্রম ছিল না, আমরা এভাবেই বঞ্চিত হয়েছি। যদি বাংলাদেশ না হতো, তাহলে তো চট্টগ্রামে মেরিন একাডেমী হতো না। একমাত্র আওয়ামী লীগ সরকারই বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠায় সচেতন। অন্য সরকারগুলো নিজেদের আখের গোছাতেই ব্যস্ত ছিল।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সরকার মেরিন একাডেমী প্রতিষ্ঠা করেছিলেন বলেই তার কন্যা শেখ হাসিনা বাংলাদেশে আরো ৪টি (রংপুর, পাবনা, বরিশাল, সিলেট) মেরিন একাডেমী প্রতিষ্ঠা করলেন। এগুলো দিয়ে দেশে দক্ষ নাবিক তৈরি করা হবে। একজন নাবিক যে রেমিটেন্স আনবেন তা ১০০ শ্রমিকের আয়ের সমান। তাই বর্তমান প্রধানমন্ত্রী দক্ষ নাবিক তৈরি করতে দেশে মেরিন একাডেমী তৈরি প্রতিষ্ঠা করছেন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে সমানভাবে দেখেন। এজন্যই সারাদেশে একযোগে সমভাবে উন্নয়ন হচ্ছে। আগামী ১০০ বছরেও এরকম একজন প্রধানমন্ত্রী পাওয়া যাবে না। তিনি বাংলাদেশের প্রতিটি উপজেলা সরেজমিন দেখেছেন বলেই ওইসব উপজেলায় যা প্রয়োজন সেভাবেই উন্নয়ন হচ্ছে।
বার্তাবাজার/এসজে