নোয়াখালীর কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট বাজারে মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের গোলাগুলিতে অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারের নোয়াখালী প্রতিনিধি সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির নিহতের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নিহতের বাবা অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুরুল হুদা ওরফে নোয়াব আলী মাস্টার বাদী হয়ে অজ্ঞাত নামাদের আসামি করে এ মামলাটি দায়ের করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহত মুজাক্কিরের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। তবে মামলায় তিনি দুই গ্রুপের মধ্যকার সংঘর্ষে তার ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলেও উল্লেখ করেন। এ ঘটনার পর থেকে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে নোয়াখালীর বিভিন্ন জায়গায় সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন-সমাবেশসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। সকাল সাড়ে ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, তৃণমুল সাংবাদিক কল্যাণ সোসাইটি, রিপোর্টার্স ক্লাব নামক সাংবাদিকদের একাধিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন হয়।
বার্তাবাজার/ভি.এস