আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন শ্রীলঙ্কার বাঁহাতি ওপেনার উপুল থারাঙ্গা। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি।
দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন থারাঙ্গা। জাতীয় দলে জায়গা পাওয়ার সম্ভাবনাও নেই তার। আর তাই ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন ৩৬ বছর বয়সী থারাঙ্গা।
থারাঙ্গা বলেন, পুরোনো প্রবাদ অনুযায়ী সব ভালো কিছুর শেষ আছে। আমি বিশ্বাস করি দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় বলার সময় এসেছে। দীর্ঘ এই ক্যারিয়ারে দারুণ কিছু স্মৃতি ও বন্ধুত্ব রয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেটের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা সবসময় আমার উপর বিশ্বাস ও আস্থা রেখেছি।
তিনি আরও বলেন, আমার ক্যারিয়ারে খারাপ সময়ে ও ভালো সময়ে পাশে থাকার জন্য ক্রিকেট অনুরাগী, বন্ধু বান্ধব ও পরিবারের সবাই পাশে থাকার জন্য কৃতজ্ঞ।
শ্রীলঙ্কাকে শুভকামনা জানিয়ে তিনি বলেন, শ্রীলঙ্কা ক্রিকেটের ভবিষ্যতের জন্য আমার শুভকামনা রইল। আশা করি দলটি আরও ভালোভাবে মাঠে কামব্যাক করবে।
দেশের জার্সিতে ২৩৫টি ওয়ানডে, ৩১টি টেস্ট ও ২৬টি টি-টোয়েন্টি খেলেছেন থারাঙ্গা। ওয়ানডেতে ৩৭টি হাফসেঞ্চুরি ও ১৫টি সেঞ্চুরিতে ৬ হাজার ৯৫১ রান করেছেন থারাঙ্গা। টেস্টে ৩টি সেঞ্চুরি ও ৮ হাফসেঞ্চুরিতে ১ হাজার ৭৫৪ রান করেছেন তিনি। এছাড়াও টি-টোয়েন্টিতে তার রান ৪০৭।
বার্তাবাজার/নব