ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা শিরিন লুবনার সেবা গ্রহীতাদের সাথে দুর্ব্যবহারের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির প্রধান ডা. জামির হাসিবুল সাত্তার বার্তা বাজারকে জানান, আমাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন ঝিনাইদহ সিভিল সার্জন অফিস। আগামী সাত কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার থেকে কাজ শুরু হয়েছে। আমরা সবার সাথে কথা বলেই একটি সুন্দর প্রতিবেদন দাখিল করবো.
ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের গঠিত তদন্ত কমিটিতে মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামির হাসিবুল সাত্তারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া কমিটিতে আরও আছেন সিভিল সার্জর অফিসের ডা. মোঃ তালাত তাসনিম ও মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুশফিকুর রহমান।
এদিকে, সোমবার (২২ ফেব্রুয়ারি) সরেজমিন তদন্ত কমিটির সদস্যরা ঘটনার তদন্তে মাঠে নেমেছেন। সকাল থেকেই ভুক্তভোগী ব্যক্তি ও স্থানীয় জনগণের সাথে কথা বলেন ও তাদের বক্তব্য রেকর্ড করেন। সকালে কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাকক্ষে তদন্ত কমিটির সদস্যরা স্বাস্থ্য কর্মকর্তা লুবনা কর্তৃক দুর্ব্যবহারের স্বীকার লুৎফর রহমান লাড্ডু ও তার ভাইপো শাহীন হোসেনের বক্তব্য শোনেন। এরআগে স্বাস্থ্য কর্মকর্তা লুবনার দুর্ব্যবহারের স্বীকার ব্যক্তিরাও স্বাক্ষ্য প্রদান করেন।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি স্ত্রীকে করোনার টিকা প্রদানের বিষয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামীমা শিরিন লুবনার অফিস কক্ষে প্রবেশ করেন কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান লাড্ডু। এসময় তার সাথে দুর্ব্যবহার করেন ওই কর্মকর্তা। বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফুঁসে উঠেন ক্রীড়াপ্রেমীসহ স্থানীয় মানুষেরা।
এর দুইদিন পর ১৭ ফেব্রুয়ারি শহরের মেইন বাসস্ট্যান্ডে স্বাস্থ্য কর্মকর্তা শামীমা শিরিন লুবনার অপসারণের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু-মিছিল করেন বিক্ষুব্ধ মানুষেরা। এ সময় ওই স্বাস্থ্য কর্মকর্তাকে অপসারণের দাবিতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
শোয়াইব উদ্দিন/বার্তাবাজার/এসজে