টাঙ্গাইল প্রেসক্লাব স্বাধীনতা সূর্বণজয়ন্তী টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে দোয়েল চ্যাম্পিয়ন

ইফতেখারুল অনুপমের অনুপমীয় বোলিং ও ব্যাটিং নৈপুন্যে দোয়েল ক্রিকেট দল ৫ উইকেটে ময়না ক্রিকেট দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে টাঙ্গাইল প্রেসক্লাবের আয়োজনে টাঙ্গাইল প্রেসক্লাব স্বাধীনতা সূর্বণ জয়ন্তী টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় টস জয়ী ময়না ক্রিকেট প্রথমে ব্যাটিং করে ১৯.৪ ওভারে ১১২ রানে অলআউট হয়। দলের পক্ষে মাসুদ আব্দুল্লাহ সর্বোচ্চ ৩৪ রান করে। এছাড়া আবু সাঈদ ১৫, কাজী জাকেরুল মাওলা ১৩ রান করে। বোলিংয়ে বিজয়ী দলের অধিনায়ক ও লেগ স্পিনার ইফতেখারুল অনুপম ৪ ওভার বোলিং করে মাত্র ২ রান দিয়ে ২টি উইকেট দখল করে।

জবাবে দোয়েল ক্রিকেট দল ১৬.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৬ রান করে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। দলের পক্ষে এম কবির
সর্বোচ্চ ৩৩ রান করে। এছাড়া মহিউদ্দিন সুমন ২০, ইফতেখারুল অনুপম ১৯, মালেক আদনান ১৮ ও মোজাম্মেল হক ৭ রান করে।

বিজিত ময়না দলের কাউসার ও ফারুক ১টি করে উইকেট দখল করে। খেলায় বোলিং ও ব্যাটিং নৈপুন্য প্রদর্শন করায় ইফতেখারুল
অনুপম ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গণি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলার চেয়ারম্যান শাহজাহান আনসারী ও নব নির্বাচিত টাঙ্গাইল পৌরসভার মেয়র এস. এম সিরাজুল হক আলমগীর।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। টাঙ্গাইল প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে আয়োজিত তিন দলের টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী দোয়েল দলের মালেক আদনান ও উইকেট সংগ্রহকারী একই দলের এম কবির।

খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন মির্জা মাসুদুল হোসেন খোকন ও ইমতিয়াজ আহমেদ এবং স্কোরার পারভেজ হাসান।

হাসান সিকদার/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর