ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ মধ্যবাজারের একটি বিপনী বিতানের বহুতল ভবনের ছাদের কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ মধ্যবাজারের মারফত চেয়ারম্যান কমপ্লেক্সের চার তলার ছাদের টিনশেডের ঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। বেলা ৪ টার দিকে আগুনো ধোঁয়া আকাশে উড়তে শুরু করলে স্থানীয়রা তা দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন।
বাণিজ্যিক এ ভবনটির তৃতীয় তলায় ছিলো সোনালী ও অগ্রনী ব্যাংকের দুটি শাখা। চার তলায় ছিলো আবাসিক বাসা। আগুন লাগার সময় ভবনটির চারতলার ছাদে অবস্থান করছিলেন কেয়ারটেকার হান্নান মিয়া। আগুন দেখে ভয় পেয়ে চার তলা থেকে নিচে ঝাপ দেন হান্নান। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরগঞ্জ ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ঘণ্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। চারতলায় ভবন মালিকের মুরগি, কবুতর ও অন্যান্য খামার ছিলো। সেই ঘরগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। চারতলার উপরে টিনশেড ছোট ঘরগুলো পুড়ে গেছে।
আরিফুল হক/বার্তাবাজার/এসজে