চতুর্থ শিল্প বিপ্লবের প্রতিযোগিতা মোকাবেলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আইওটি, রোবোটিকস, সাইবার সিকিউরিটিসহ উচ্চপ্রযুক্তি নিয়ে কাজ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে আইটি বিজনেস ইনকিউবেটর স্থাপন করা হচ্ছে।
সোমবার ২২ ফেব্রুয়ারী চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড কার্যালয়ে হাইটেক ইন্ডাস্ট্রি, স্টার্টআপ ও ইনোভেশন ইকো-সিস্টেম উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এর মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক (এমপি) একথা বলেন।
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এনডিসি, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক টিনা জাবিন সিপিট ও কোরিয়ান ইপিজেড এর পক্ষে চেয়ারম্যান এবং সিইও মিঃ কিহাক সাং উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ান ও এনএম জিয়াউল আলম পিএএ, সিনিয়র সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও চেয়ারম্যান স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড।
মন্ত্রী বলেন- দেশে ইনোভেশন ইকো সিস্টেম গড়ে তোলার মাধ্যমে বেসরকারি বিনিয়োগের গতি বৃদ্ধি করতে ডিজিটাল উদ্যেক্তা তৈরি করবে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। আমরা চাই আমাদের তরুণ প্রজন্ম চাকুরী খোঁজার পরিবর্তে চাকুরী সৃষ্টির প্রতি অধিক মনোযোগী হোক। এই সমঝোতার মাধ্যমে কোরিয়ান ইপিজেড এ বিনিয়োগ আরো ত্বরান্বিত হবে। এছাড়া স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে স্টার্টআপদের জন্য স্কেলআপ প্রোগ্রাম ও মেন্টরিং করা হবে। ইতোমধ্যে সিঙ্গাপুর মার্কেটের উর্ধ্বমূখী সম্প্রসারণের মাধ্যমে একটি সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মানের কাজ সম্পন্ন হয়েছে।
তিনি আরো বলেন- বিনিয়োগের নীতিগত সহায়তা প্রদানের পাশাপাশি কোরিয়ান ইপিজেড ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ জোন স্পেশালাইজড ল্যাব স্থাপনে সহায়তা করবে। একই সাথে উদ্যোক্তাদের প্রশিক্ষণসহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হবে। কোরিয়ান ইপিজেড সমঝোতার আওতায় স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ ও কোরিয়ান স্টার্টআপদের প্রশিক্ষণ, বৈদেশিক সম্মেলনে অংশগ্রহণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, গবেষণা ও নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে যৌথ ভাবে কাজ করবে।
সমঝোতার আওতায় কোরিয়ান ইপিজেড কর্তৃক প্রায় ১০০ একর জায়গায় প্রস্তাবিত হাইটেক পার্ককে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ বেসরকারী হাইটেক পার্ক হিসেবে ঘোষণা করে।
অনুষ্টানে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক এন এম সফিকুল ইসলাম ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এর ইনভেস্টমেন্ট ম্যানেজার ফয়েজ আহমেদসহ সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/ই.এইচ.এম