করোনা মহামারির মধ্যে কিভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যায় সে ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সোমবার (২২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভার এক ভার্চুয়াল বৈঠকের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, স্কুল-কলেজ খুলে দেয়ার বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে ডেকে একটা সিদ্ধান্তে আসতে হবে শিক্ষা মন্ত্রণালয়কে। তারাই সিদ্ধান্ত নিবে কবে কখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে।
‘কুইকলি খোলা যায় কিনা, কী পদ্ধতিতে খুলব যাতে সেইফটিও ঠিক থাকে, একই সঙ্গে পড়ালেখাও হয়। কারণ এতদিন হয়ে গেছে। অন্যান্য দেশে ভার্চুয়ালি শিক্ষা প্রতিষ্ঠান খোলাই আছে। সেইসব দৃষ্টিকোণ থেকে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, আপনারা বসে চিন্তা-ভাবনা করেন আমরা খুলে দিতে পারি কিনা।”
অন্যদিকে আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিবে। আর হল খোলা হবে ১৭ মে।
বার্তাবাজার/ভি.এস