দ্বিতীয় দিনেও ইবিতে হল খোলার দাবিতে বিক্ষোভ

আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল এবং হল অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। সোমবার (২২ ফেব্রুয়ারি) আন্দোলনের দ্বিতীয় দিনে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। এসময় তাদের হাতে বিভিন্ন প্রতিবাদী লেখা সম্বলিত ব্যনার দেখা যায়।

মিছিলে শিক্ষার্থীরা, এক দফা এক দাবি ছাত্র হল খুলে দিবি। একশন একশন ডাইরেক্ট একশন, শিক্ষকরা ভেতরে ছাত্র কেন বাহিরে। ভাঁওতাবাজি বন্ধ করো ছাত্র হল ওপেন করোসহ বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগানে হল খোলার দাবি জানান। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেলা ১২টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে অবস্থান নিয়ে হল খোলার দাবিতে বিক্ষোভ করতে থাকে।

এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা হল খোলার দাবির স্বপক্ষে তাদের বিভিন্ন যুক্তি তুলে ধরে অতিসত্বর হল খোলার দাবি জানান। পরে তারা বেলা পৌনে ১টায় শেখ রাসেল হলের সামনে একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন।

এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, আগামীকাল ইউজিসির মিটিং হওয়ার কথা রয়েছে। মিটিং এ হল খোলার সিন্ধান্ত না হলে পরশু দিন থেকে শিক্ষার্থীরা যার যার হলের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।

এর আগে রোববার আন্দোলনের প্রথম দিনে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে। পরে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে থেকে ৫ সদস্যের প্রতিনিধি দল আলোচনা করতে যায় তবে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আন্দোলন দ্বিতীয় দিনে গড়ায়।

সার্বিক বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বার্তা বাজারকে বলেন, সরকার সিদ্ধান্ত নেয়ার সাথে সাথেই আমরা যাতে হল খুলতে পারি সে অনুযায়ী সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বার্তা বাজারকে বলেন, ছাত্ররা যে সিদ্ধান্ত নেবে সেটা তাদের ব্যাপার, আমরা সরকারের সিদ্ধান্ত মেনে চলবো।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর