বিএনপি-জামায়াত রেলওয়েকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছিল: রেলমন্ত্রী

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালে রেলওয়ের ১২ হাজার কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাই করেছিল। রেলওয়েকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছিল। আর এখন আওয়ামী লীগ সরকার রেলওয়ের উন্নয়ন করছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও রোড রেলস্টেশনের উঁচু ও বর্ধিত প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী এ কথা বলেন।

নূরুল ইসলাম সুজন বলেন, রেল এখন ঘুরে দাঁড়িয়েছে। ২০১১ সালে বর্তমান আওয়ামী লীগ সরকার রেলওয়েকে আলাদা মন্ত্রণালয়ে রুপান্তর করে রেলের উন্নয়নকে ত্বরান্বিত করেছে।

রেলমন্ত্রী বলেন, আগামীতে পঞ্চগড় থেকে রেলের মাধ্যমে ভারতের শিলিগুড়ি পর্যন্ত যাওয়া যাবে। প্রতি জেলাকে রেলওয়ের সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে। সরকার এখন রেলওয়ের বেহাত হয়ে যাওয়া সম্পদ উদ্ধার করছে। রেলওয়ের কোনো জায়গা বেহাত হতে দেয়া যাবে না।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, রেলওয়ের মহাপরিচালক ডিএন মজুমদার, উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা এ্যাপোলোসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস. এম. মনিরুজ্জামান মিলন/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর