মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজধানীর ইস্কাটনে পথশিশুদের নিয়ে এক অন্যরকম ভাষা দিবস পালন করেছেন “স্বপ্নালোড়ন বাংলাদেশ” নামক একটি সংগঠন।
‘স্বপ্নালোড়ন বাংলাদেশ’ অধিকার বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে। ২১শে ফেব্রুয়ারিকে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে উদযাপন করলেও সংগঠনটি ভাষা দিবসটিকে একটু অন্যরকম ভাবেই কাটিয়েছে।
শিশুদের সম্মিলিত জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা হয়। পাশাপাশি ভাষা আন্দোলনের বিস্তারিত আলোচনা ছাড়াও এর তাৎপর্য সবার মাঝে তুলে ধরেছে সংগঠনের প্রত্যেক সদস্য।
তারপর ৬৫-৭০ জন বাচ্চাদের মাঝে “ব্লাড কানেকশন” এর সহায়তায় দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।
ভাষা দিবসে অন্যরকম এই আয়োজন নিয়ে “স্বপ্নালোড়ন বাংলাদেশ” এর ক্যাম্প কো-অর্ডিনেটর জামান আশরাফকে প্রশ্ন করা হলে তিনি বলেন, দেখেন সবাই একরকম ভাবে ভাষা দিবস পালন করলেও আমরা একটু ব্যতিক্রম কিছু করার চেষ্টা করলাম। আর আমদের মূল উদ্দেশ্য শিশুদের অধিকার নিশ্চিতের জন্য কাজ করা। একটা মানুষকে সুবিধা দিতে হলে তার চাহিদার কোন শেষ থাকেনা আর সুবিধার পরিধিও অনেক বড় হয়। তবে আমরা তাদের সুবিধা দিতে না পারলেও ওদের অধিকার নিশ্চিত করার চেষ্টা করছি।
সুবিধাবঞ্চিত শিশুরা খুব একটা পড়ালেখা করার সুযোগ পায়না। তাদের এই মৌলিক চাহিদা পূরণে এগিয়ে এসেছে এই সংগঠনটি। এই পথশিশুদের জন্য বর্তমানে ইস্কাটন এবং মিরপুরে দুইটা শিক্ষাকেন্দ্র রয়েছে। তবে করোনার কারনে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। প্রত্যেকটা দিবসেই বাচ্চাদের নিয়ে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে এই সংগঠন। পাশাপাশি ঈদের সময় জামাকাপড় ও ঈদ সামগ্রীও দিয়ে থাকেন
এছাড়াও শিশুদের জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য বিভিন্ন সময়ে জাদুঘর ঘুড়তে নিয়ে যাওয়া হয়। তাদের নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বছরে অন্তত ২/৩টি মেডিকেল ক্যাম্প করে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করে এই সংগঠনটি।
বার্তাবাজার/পি