কিছুদিন আগেই চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বার্সেলোনার মাটিতে তাদেরকে ৪-১ গোলে উড়িয়ে দেয় প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু সেই ম্যাচের পর এবার নিজেদের মাঠে হারের মুখ দেখতে হয়েছে তাদের।
রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচে মোনাকোর কাছে ২-০ গোলে হেরেছে পিএসজি। এর আগে গত নভেম্বরে দুই দলের প্রথম দেখায় মোনাকোর মাঠে ৩-২ গোলে হেরেছিল পিএসজি।
পুরো ম্যাচেই বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল পিএসজি। কিন্তু মোনাকোর রক্ষণ ভাঙতে পারেনি তারা। বার্সার বিপক্ষে হ্যাটট্রিক করা কিলিয়ান এমবাপ্পে এই ম্যাচে ছিলেন বিবর্ণ। এছাড়াও নেইমার, অ্যাঞ্জেল ডি মারিয়ার অভাব অনুভব করেছে পিএসজি।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মোনাকো। ৬ মিনিটে সোফিয়ান দিয়োপ গোল করে মোনাকোকে এগিয়ে নেন। শুরুতেই পিছিয়ে পড়া পিএসজি আর ঘুরে দাঁড়াতে পারেনি। প্রথমার্ধে তিন চেষ্টার একটিও লক্ষ্যে রাখতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধের ৬ষ্ঠ মিনিটে গুইলারমো মারিপানের গোলে ব্যবধান ২-০ করে মোনাকো। এদিকে ম্যাচের ৭৭ মিনিটে গোলের সুযোগ পেয়েও হাতছাড়া করেন পিএসজির ইতালিয়ান ফরোয়ার্ড কিন। গোলরক্ষককে একা পেয়েও বল বাইরে মেরে দেন। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মোনাকো।
এই হারে ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তিনে আছে পিএসজি। ২৬ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিল। ৫৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অলিম্পিক লিঁও। ৫২ পয়েন্ট নিয়ে চারে আছে মোনাকো।
বার্তাবাজার/নব