ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে ৪-১ গোলে হারের পর স্প্যানিশ লা লিগায় রোববার রাতে নিজেদের মাঠে তুলনামূলক দুর্বল কাদিজের মুখোমুখি হয় বার্সেলোনা।
এই ম্যাচে বার্সাকে রুখে দিয়েছে কাদিজ। কাদিজের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। দুটি গোল এসেছে পেনাল্টি থেকে। ম্যাচের ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সাকে এগিয়ে নেন লিওনেল মেসি।
প্রথমার্ধ শেষ হওয়ার আগে কাদিজের জালে দুইবার বল জড়ায় বার্সা। কিন্তু ম্যাচের ৩৯ মিনিটে ফ্রেংকি ডি ইয়ং এবং ৪৪ মিনিটে পেদ্রির করা গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ম্যাচের ৮৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে কাদিজকে সমতায় ফেরান ফার্নান্দেজ।
পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেছে বার্সা। ম্যাচের ৮১ ভাগ নিজেদের দখলে বল রেখেছে তারা। ২১টি অন টার্গেটে শট নিয়েও জয় পেলো না বার্সা।
এই ড্রয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়াল ৮। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান ৫।
২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সা। ২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো ও ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। ২৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে রয়েছে কাদিজ।
বার্তাবাজার/নব