ফাঁসিয়ে দেওয়ার আশঙ্কায় আগেই থানায় জিডি করেছি: কাদের মির্জা

হত্যাকাণ্ডের মত ঘটনা ঘটিয়ে ফাঁসিয়ে দেওয়ার আশঙ্কায় আগেই কোম্পানীগঞ্জ থানায় জিডি করে রেখেছিলেন বলে জানিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।

রোববার (২১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা জানান তিনি।

কাদের মির্জা বলেন, সংবাদ মাধ্যমে পুলিশ আমার বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার করে যাচ্ছে। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপারও আমার সাথে খারাপ আচরণ করেছে। আমাদের নেতা ওবায়দুল কাদেরকে এসব বিষয়ে সব জানিয়েছি। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং ওবায়দুল কাদের আমার সব অভিযোগের বিষয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা বলায় আমি আমার পূর্ব সব কর্মসূচি স্থগিত করেছি।

তিনি বলেন, সাংবাদিক মুজাক্কিরকে হত্যার পর দায় আমার ওপর চাপানোর ষড়যন্ত্র চলছে বুঝতে পেরে আমি মুজাক্কির হত্যার বিচার চেয়ে আমার প্রতিবাদ, মানববন্ধন কর্মসূচি দিয়েছি।

এ নিরিখেই সোমবার দুপুরে আড়াইটায় বসুরহাট রূপালী চত্বরে সাংবাদিক মুজাক্কিরের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও শোক সভার কর্মসূচি ঘোষণা করেছি।

উল্লেখ্য, শুক্রবার মির্জা কাদের ও মিজানুর রহমান বাদল গ্রুপের সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হন বার্তা বাজারের নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে তিনি মারা যান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর