সাংবাদিক মুজাক্কির হত্যার দায় আ’লীগের নয়: কাদের মির্জা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক মুজাক্কিরকে গুলি করে হত্যার দায় আওয়ামী লীগের নয় বলে মন্তব্য করেছেন বসুরহাট পৌর মেয়র ও সেতুমন্ত্রীর ছোট ভাই আব্দুল কাদের মির্জা। মুজাক্কির হত্যার দায় অপরাজনীতি ও লুটপাটের নেতাদের এবং কোম্পানীগঞ্জ থানার ওসি জাহেদ আর পরিদর্শক (তদন্ত) রবিউল হকের বলেও মন্তব্য করেছেন তিনি।

রোববার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টায় ফেসবুক লাইভে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একরাম চৌধুরী পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার ছেলে সাবাব চৌধুরী, পিএস সুনিল চৌধুরী নেতৃত্বে দুটি গ্রুপকে অস্ত্রসহ গত শুক্রবার চাপরাশিরহাট পাঠিয়েছিল। তারা চেয়েছে লাশ, আমাকে হত্যা করতে না পেরে মুজাক্কিরের মত একজন নিরীহ সংবাদ কর্মীকে গুলি করে হত্যা করেছে।

কাদের মির্জা আরও বলেন, পুরো প্রশাসন একরাম চৌধুরীর অর্থের কাছে জিম্মি হয়ে নিলর্জভাবে আমার বিরোধিতা করে যাচ্ছে। পুলিশ প্রশাসনের সহযোগিতায় বাদল, শাহীন, রাজ্জাক চেয়ারম্যানের সহযোগিতায় এসব ঘটনা ঘটছে এবং সুপরিকল্পিতভাবে দায় আমার ওপর চাপানোর জন্য সাংবাদিক মুজাক্কিরকে হত্যা করা হয়েছে।

এসময় তিনি মুজাক্কিরের জানাজায় না যাওয়ার কারণ হিসেবে প্রতিপক্ষের অস্ত্রের মহড়া চলার কথা উল্লেখ করে বলেন, সাংবাদিক মুজাক্কিরের জানাজায় আমি যেন যেতে না পারি, সেখানে অস্ত্রের মহড়া চলছে। চারদিক থেকে অস্ত্র আমার দিকে তাক হয়ে আছে। আমি জানাজায় যাব না এবং আমার সমর্থকদেরকেও যেতে নিষেধ করেছি।

এর আগে বিকালে তিনি সাংবাদিকদের বলেন, মুজাক্কির আমার দলের না হলেও আমি এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। গোয়েন্দা তদন্তের রিপোর্টে হত্যার সঙ্গে আমি জড়িত আছি প্রমাণ করতে পারলে এ দায় নিয়ে আমারও বিচার হোক।

উল্লেখ্য, শুক্রবার মির্জা কাদের ও মিজানুর রহমান বাদল গ্রুপের সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হন বার্তা বাজারের নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে তিনি মারা যান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর