বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘চলতি বছরের এপ্রিল মাসের শুরুতেই বোরো ধান উঠে যাবে। আমরা ইতোমধ্যে ১০ লাখ টন খাদ্য আমদানির সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি এক মাসের মধ্যে চালের দাম কমে আসবে’।
রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর জেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের উদ্বোধনের সময় এসব কথা বলেন।
তিনি বলেন, রমজান মাসকে সামনে রেখে টিসিবি বিশাল পরিমাণ খাদ্যপণ্য আমদানির কথা ভাবছে। সাধারণ মানুষের কথা ভেবে এমন সিদ্ধান্ত নিয়েছে টিসিবি। আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি হওয়ার কারণে আমাদের দেশেও তেলের মূল্য বেড়েছে। তারপরও আমরা চেষ্টা করছি, ভর্তুকি দিয়ে হলেও মানুষের হাতে টিসিবির মাধ্যমে নিত্যপণ্য পৌঁছে দিতে।
মন্ত্রী বলেন, ‘অন্য বছরের চেয়ে এবার রমজানে দ্বিগুণ পণ্য আমদানি করার ব্যবস্থা নিয়েছি। তাই আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে। কেউ সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
তিনি বলেন, বিশ্ব বাজারে গত ছয় মাসে তেলের মূল্য ছিল ৭০০ ডলার। এখন তা বেড়ে হয়েছে ১১’শ ডলার। যার কারণে আন্তর্জাতিক বাজারসহ বাংলাদেশেও তেলের দাম বেড়েছে। এটা যদি না কমে তাহলে আমাদের দেশেও কমানো যাবে না। আমরা নব্বই শতাংশ তেল বাইরে থেকে আমদানি করি। আমরা চাইছি টিসিবির মাধ্যমে কম দামে তেল দিতে।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, উপদেষ্টা মোজ্জামেল হক, জেলা পরিষদ সদস্য সিরাজুল ইসলাম প্রামাণিক, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনিসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/ই.এইচ.এম