একুশের রাতেই শহীদ মিনার ভাঙলো দুর্বৃত্তরা

মাগুরায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি রাতেই শ্রীকুন্ডি মহাবিদ্যালয়ের মিনার ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে শিক্ষক-শিক্ষার্থীরা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কলেজে গিয়ে মিনারটি ভাঙ্গা পড়ে থাকতে দেখে।

মাগুরা শহর থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত সদর উপজেলার বজরুক শ্রীকুন্ডি মহাবিদ্যালয়। ২০০২ সালে প্রতিষ্ঠিত নন এমপিওভুক্ত কলেজটিতে প্রথম দিকে একুশে ফেব্রুয়ারির দিনে অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হতো। কিন্তু ৩ বছর আগে তিনটি স্তম্ভবিশিষ্ট একটি শহীদ মিনার নির্মাণ করা হয়।

কলেজ অধ্যক্ষ পল্লব কুমার দে বলেন, ভাষা শহীদদের শ্রদ্ধা জানার উদ্দেশ্যে শনিবার বিকালে শহীদ মিনার এলাকাটি সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন করা হয়। গ্রামের কলেজ হওয়ায় এখানে প্রতি বছর একুশের প্রথম প্রহরের পরিবর্তে সকালে শহীদ মিনারে ফুল দেয়া হয়। যথারীতি সকালে ফুল দেয়ার জন্যে শিক্ষক-শিক্ষার্থীরা কলেজে গেলে তারা দেখতে পায় শহীদ মিনারটি ভেঙে পড়ে আছে।

বিষয়টি মাগুরা পুলিশ প্রশাসনকে জানানো হলে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিনসহ অন্যান্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সদর থানার ওসি জয়নাল আবেদিন জানান, কলেজ অধ্যক্ষের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে শহীদ মিনারটি ভাঙা পড়ে থাকতে দেখি। তবে এটি কখন কীভাবে ভেঙ্গেছে কিংবা এ ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত সেই বিষয়টি তদন্ত করা হচ্ছে।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর