অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে মানিকগঞ্জের সিংগাইর সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়। আগুনে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে থাকা সরকারি নথি, কম্পিউটার ও আসবাবপত্রসহ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল তিনটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় দশ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে বার্তা বাজারকে জানান ইউপি চেয়ারম্যান দেওয়ান মাহবুবুর রহমান মিঠু।
পরিষদ সংলগ্ন মসজিদের ইমাম হাফেজ গিয়াস উদ্দিন ও প্রত্যেক্ষদর্শীরা বার্তা বাজারকে জানান, রবিবার বিকাল তিনটার দিকে পৌরসভার আঙ্গারিয়া মহল্লায় অবস্থিত সদর ইউনিয়ন পরিষদ তালাবদ্ধ কার্যালয়ের চেয়ারম্যানের অফিস কক্ষে হঠাৎ আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন পুরো কার্যালয়ে ছড়িয়ে পড়ে। তখন আশপাশের লোকজন এসে আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষনে পুরো কার্যালয় পুড়ে ছাই হয়ে যায়।
ইউনিয়ন পরিষদের দায়িত্বরত পাহারাদার আব্দুর রহমান বার্তা বাজারকে বলেন, দুপুর দেড়টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয় তালা দিয়ে আমি বাড়িতে খাবার খেতে যাই। আগুন লাগার খবর শুনে এসে দেখি সব পুড়ে গেছে।
ইউপি চেয়ারম্যান দেওয়ান মাহবুবুর রহমান মিঠু বার্তা বাজারকে বলেন, পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লায় একটি সেমি পাকা টিনের ঘর ভাড়া নিয়ে ২০০২ সাল থেকে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালিয়ে আসছিলাম।
বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত সরকারি ছুটি থাকায় কার্যালয়টি বন্ধ ছিল। পরিষদে দায়িত্বরত পাহারাদার আব্দুর রহমান দুপুরের খাবার খেতে যাওয়ার পর বিকাল তিনটার দিকে পরিষদে আগুন লাগে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এসে দেখি কার্যালয়ে আগুন জ্বলছে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিভায়। আগুনে কার্যালয়ে থাকা সরকারি নথি, কম্পিউটার, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় দশ লাখ টাকার মালামাল পুরে ছাই হয়ে গেছে। তবে কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে ব্যাপারে কিছুই বলতে জানা যায়নি।
মিলন মাহমুদ/বার্তাবাজার/হৃ.আর