বাদল ভাইকে আটকিয়ে রাখছে বলেই গুলির নির্দেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আব্দুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বার্তা বাজারের নোয়াখালী জেলার নিজস্ব প্রতিবেদক বুরহান উদ্দিন মুজাক্কির। এসময় আহত হয়েছেন অর্ধশতাধিক। গুরুতর আহত মুজাক্কির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে মৃত্যুবরণ করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থানরত একজন প্রত্যক্ষদর্শী বার্তা বাজারকে জানান, আমাদের দোকানের সামনেই দু’পক্ষের ধস্তাধস্তি চলছিল। আমার বাবা চেয়েছিল ব্যাপারটা মীমাংসা করতে।তার কথায় কর্ণপাত না করে দুই পক্ষ ধস্তাধস্তি করছিল। হঠাৎ বাদল গ্রুপের লোকজন পিছু হটা শুরু করল। এরপর কিছু কিছু লোক জোরে জোরে বলতে লাগল ‘বাদল ভাইকে আটকিয়ে রাখছে তোরা ফায়ার কর’।

তিনি আরো বলেন, বাজারের কাছেই বাদলের বাড়ি। পরে ওইখান থেকে শুরু করল ইট-পাটকেল মারা। এমন ভাবে ইট-পাটকেল মারছে যেন ইটের বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ পর ধাওয়া শুরু করে। এতে সবাই বিভিন্ন দিকে ছোটাছুটি শুরু করে।

তিনি বলেন, ওই সময় আমাদের দোকানের এক স্টাফ ফোন দিয়ে বলল ‘ফখরুদ্দিন ভাইয়ের ভাই যিনি সাংবাদিক তাকে গুলি করেছে।’ হঠাৎ করে আমার মাথা কোনো কাজ করছিল না আমি তৎক্ষণাত চিনতে পারি নাই। পরে সদর হাসপাতালে যাই। হাসপাতালের ভিতরে গিয়ে দেখি আমার বাবা ও মুজাক্কির পাশাপাশি সিটে। মুজাক্কিরের শার্টের বোতাম খুলা ছিল। গলা ও বুক দিয়ে অনেক রক্ত ঝড়ছিল।

দুই পক্ষের এমন সংঘর্ষ প্রায় হয় কি না জানতে চেয়ে একজন সাংবাদিক প্রশ্ন করলে প্রতক্ষদর্শী ওই ব্যক্তি উত্তরে বলে, না। এমন ঘটনা আমি প্রথম দেখলাম।

প্রসঙ্গত, শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করতে প্রস্তুতি নেন আওয়ামী লীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক ও উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।

এসময় সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে একটি মিছিল বাজারের দলীয় কার্যালয়ে দিকে যায়। হঠাৎ করে ওই মিছিলে আবদুল কাদের মির্জার সমর্থক জামাল উদ্দিন লিটনসহ কিছু লোক বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ ঘটনায় বার্তা বাজারের নোয়াখালীর নিজস্ব প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর