নিহত সাংবাদিক মুজাক্কিরকে নিয়ে গাজী তারেক রহমানের কবিতা ‘লাশ’

ভাষা দিবসের এইক্ষণে জাতি উপহার পেল আরো একটি লাশ
সালাম-রফিক-জব্বারের বুকে গুলির চিহ্ন আমি দেখিনি
আমি দেখেছি সাংবাদিক মুজাক্কিরের ঝাঁঝরা বুকের দৃশ্য।

আমরা একুশের প্রজন্ম বলছি-
সেদিন আমার ভাইদের রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ
আজো কি থেমে আছে তা?
ওরা ছিল পাক হায়েনা, আর এরা! এরা কারা?

গুলিবাজ, বোমাবাজদের কোন দল নেই
এরা কোন সরকারের লোক হতে পারেনা
ওদের পরিচয়- ওরা সন্ত্রাস, ওরা সন্ত্রাস, ওরা সন্ত্রাস।

হে বাংলার আঠারো কোটি জনতা
আমরা যে, যে দলই করিনা কেন
শহীদ সালাম-রফিক-জব্বার আর ত্রিশ লক্ষ শহীদের উত্তরসূরী আমরা
তবে মানুষ মারার রাজনীতি আমরা কোথা থেকে পেলাম?

আমরা কি ভুলে গেছি সেই একাত্তরে স্বজন হারানোর ব্যাথা?
আমরা কি ভুলে গেছি শহীদ তিতু, শরীয়তউল্লাহ বীরদের আত্মত্যাগ?
আমরা কি পড়িনি বঙ্গবন্ধুর আত্মজীবনী, কারাগারের রোজনামচা?

তবে কেন? কেন এই মানুষ মারার রাজনীতি চলছে এখনও
কেন সাংবাদিক মুজাক্কিরের লাশ উপহার এলো ভাষা দিবসে?
আমার ভাইয়ের ঝাঁঝরা বুকের দৃশ্য, আমার মা সইবে কেমন করে?
উত্তর দিও, নতুবা তোমাদের জন্য উপহার হিসেবে রইল একখানা লাশ!

কবিতা: লাশ
রচয়িতা: মুহাম্মদ গাজী তারেক রহমান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর