নোয়াখালীর কোম্পানীগঞ্জে আব্দুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদল গ্রুপের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ বার্তা বাজারের নোয়াখালী প্রতিনিধি সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মফস্বল সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার জাতীয় সংগঠন রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)। সেই সাথে ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন সংগঠনটি।
রবিবার (২১ ফেব্রুয়ারী) গণমাধ্যমে এক শোক বার্তা প্রকাশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
শোক বার্তায় আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বলেন, ‘আমরা মুজাক্কির হত্যাকাণ্ডের বিচার চাই। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আর যেন কোন সাংবাদিকের প্রাণ হারাতে না হয়।’
প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নেতৃত্বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বসুরহাট পৌরসভার অলোচিত মেয়র কাদের মির্জার কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে বার্তা বাজারের নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
গতকাল শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বার্তাবাজার/পি