ডেস্ক রিপোর্ট: যেখানে অন্য ৮-১০ জন শিশুর মত স্কুলে যাওয়ার কথা সেখানে জীবন যুদ্ধে মাঠে নেমেছেন ১৩ বছরের শিশু ফাহিম। রাজধানীর নিউমার্কেটের একটি দোকানে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে সে।
সরেজমিনে গিয়ে কথা হয় ফাহিমের সঙ্গে। সে জানায়, তার দেশের বাড়ি শরিয়তপুর হলেও মায়ের সঙ্গে থাকে কামরাঙ্গীরচরে। ফাহিমের একটি বোনও রয়েছে। তার বাবা এক বছর আগে মারা যায়। সেজন্য পড়াশোনা বাদ দিয়ে দোকানে চাকরি নিয়েছে ফাহিম।
ফাহিম বলে, আমরা কামরাঙ্গীরচরে ভাড়া থাকি। বাসা ভাড়া তিন হাজার টাকা। দোকানে চাকরি করে আমি তিন হাজার টাকা বেতন পাই। সে টাকা দিয়ে বাসা ভাড়া দেই। আমার মাও কাজ করে। ওনার টাকা দিয়ে সংসার চলে।
সে বলে, বেতনের তিন হাজার টাকা ছাড়াও প্রতিদিন নাস্তার জন্য ৪০ টাকা করে পাই। সে টাকা দিয়ে নাস্তা ও যাতায়াত ভাড়া দেই।
ফাহিম বলে, আমি ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছি। বাবা মারা যাওয়ার পর চাকরি নিয়েছি। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ডিউটি। কাস্টমার ডাকাই আমার কাজ।
এত দীর্ঘ সময় ধরে কাজ করতে কষ্ট হয় না- এমন প্রশ্নের জবাবে ফাহিম বলে, কষ্ট হলেও তো করা লাগবে। আমারতো বাবা নেই। কে দেখবে আমাদের?