২১ বছর পর অ্যানফিল্ডে মার্সিসাইড ডার্বি হারলো লিভারপুল

শনিবার রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে এভারটনের বিপক্ষে মার্সিসাইড ডার্বিতে মুখোমুখি হয়েছিল লিভারপুল। লিভারপুলকে ঘরের মাঠেই ২-০ গোলে হারিয়েছে এভারটন।

এতে ২১ বছর পর ঘরের মাঠে মার্সিসাইড ডার্বিতে হারলো লিভারপুল। ১৯৯৯ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম অ্যানফিল্ডে জয় পেল এভারটন।

অন্যদিকে প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ হেরেছে লিভারপুল। ১৯২৩ সালের পর প্রথমবারের মতো ঘরের মাটিতে ৪ ম্যাচে হারল তারা।

ম্যাচের তৃতীয় মিনিটেই লিভারপুলের জালে বল জড়ায় এভারটন। স্বদেশি গোলরক্ষক আলিসনকে পরাস্ত করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন। ম্যাচের ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ইতালিয়ান মিডফিল্ডার গিলফি সিগুর্সন।

পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করেও হারতে হয়েছে ক্লপের শিষ্যদের। এদিন সুবিধা করতে পারেননি সালাহ-মানে-ফিরমিনোরা। হারের পাশাপাশি ইনজুরির কারণে অধিনায়ক জর্ডান হ্যান্ডারসনকে প্রথমার্ধে মাঠ ছাড়তে হয়।

এই হারে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের শিরোপার দৌড় থেকে ছিটকে যাওয়ার পথে রয়েছে লিভারপুল। ২৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ছয়ে আছে তারা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে সাতে আছে এভারটন।

২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। সমান ৪৬ পয়েন্ট করে নিয়ে দুইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ও তিনে আছে লেস্টার সিটি।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর