ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ

রাষ্ট্রভাষা বাংলার দাবীতে পাকিস্তানি ঔপনিবেশিক শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যাঁরা জীবন উৎসর্গ করেছিলেন, যাঁদের আত্মত্যাগে বাঙালি পেয়েছে ভাষার অধিকার, তাদের নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রদ্ধাভরে স্মরণ করছে ফরিদপুরবাসী।

একুশের প্রথম প্রহরে মাতৃভাষার মর্যাদা রক্ষায় রক্তদানের অহংকারে উদ্দীপ্ত বাঙালির সব পথ যেন মিশেছিল শহীদ মিনার অভিমুখে। পোশাকে শোকের কালো ব্যাজ, হাতে ফুল আর কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ ধারণ করে ধীর পায়ে তারা এগিয়ে যায় শহীদ মিনারের দিকে। সেখানে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানোর মাধ্যমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়।

ফরিদপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে শহরের অম্বিকা ময়দানে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়।

প্রথমেই শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক অতুল সরকার। তারপর পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিপিএম সহ সরকারী কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, প্রেসক্লাব সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়িক নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। এর আগে শহীদদের আত্মার শান্তি কামনায় ১মিনিট নিরবতা পালন করা হয়।

রবিবার সকাল ৮টায় জেলা প্রশাসক অতুল সরকারের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের মুজিববর্ষের মঞ্চ থেকে একটি প্রভাত ফেরি হয়ে জেলা কারাগার ও সিফিল সার্জনের কার্যালয়ের সামনে দিয়ে অম্বিকা ময়দান শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এছাড়াও রোববার বাদ জোহর শহরের বিভিন্ন জামে মসজিদে কোরআনখানি ও মোনাজাত অনুষ্ঠিত হবে। শিশুদের চিত্রাংকন, বিতর্ক প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর