কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরায় প্রকাশিত আলোচিত প্রতিবেদনটি ফেসবুক কর্তৃপক্ষ পর্যালোচনার জন্য গ্রহণ করেছে। সরানোর কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে এই কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
মন্ত্রী বলেন, বিকেলে একটি অনুষ্ঠান শেষে উপস্থিত কয়েকটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিককে ‘ফেসবুক পর্যালোচনা করছে’ কথাটিই জানিয়েছিলাম। কিন্তু কয়েকটি টিভি চ্যানেল ‘পর্যালোচনা’ শব্দটির পরিবর্তে ‘সম্মতি’ শব্দটি লিখেছে যা বিভ্রান্তির সৃস্টি করেছে।
এদিকে ফেসবুক কর্তৃপক্ষ একইরাতে জানিয়েছে, আল জাজিরায় প্রচারিত ‘অল দ্যা প্রাইম মিনিস্টার’স মেন’ তথ্যচিত্রটি সরিয়ে নিতে আমরা বিটিআরসি’র কাছ থেকে হাইকোর্টের লিখিত নির্দেশনা পাইনি। আমরা এ বিষয়ে কোনো বিবৃতি দেইনি।
মোস্তাফা জব্বার জানান, আল জাজিরায় এ ধরনের একটি তথ্যচিত্র প্রচার হতে পারে এমন খবর আগে থেকেই পাওয়া গিয়েছিল। এ কারণে তথ্যচিত্র প্রচারের পর সেটি ফেসবুক ও ইউটিউবে ভাইরাল হতে পারে এমন আশংকাও তৈরি হয়। সে কারণে তথ্যচিত্র প্রচারের আগেই ফেসবুক এবং ইউটিউব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এটি যেন ভাইরাল না হয় সেজন্য আলোচনা করা হয়। জবাবে ফেসবুক কর্তৃপক্ষ জানায়, আল জাজিরার যে কোন প্রতিবেদন সুনির্দিষ্ট প্রক্রিয়া ছাড়া সরানো সম্ভব নয়। যদি এ সংক্রান্ত আদালতের কোনো নির্দেশনা আসে তাহলে ফেসবুক সেটি বিবেচনা করবে।
তিনি আরও বলেন, আদালতের নির্দেশনা পাওয়ার পর ফেসবুক এবং ইউটিউব কর্তৃপক্ষকে ই-মেইল বার্তার মাধ্যমে তা জানানো হয়। এ ছাড়া ফেসবুকের বাংলাদেশ বিষয়ক কর্মকর্তার সঙ্গেও ভাচুর্য়াল মাধ্যমে আলাপ হয়। এরপর ফেসবুক এবং ইউটিউব থেকে জানানো হয়, তারা আল জাজিরার এই তথ্যচিত্র সরানোর বিষয়টি তাদের রিভিউ প্যানেলে পর্যালোচনার জন্য পাঠিয়েছে।
বার্তাবাজার/এসজে