কয়েক ঘন্টার মধ্যেই কাদের মির্জার বহিস্কারাদেশ প্রত্যাহার

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের অব্যহতি ও কেন্দ্রের কাছে বহিস্কার করার সুপারিশ করার কয়েক ঘন্টার মধ্যেই স্থগিতাদেশ দিয়ে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দল থেকে তাকে চুড়ান্তভাবে বহিস্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ করে বিজ্ঞপ্তি জারি করা হয়। একইসাথে দলীয় সব ধরণের কার্যক্রম থেকে অব্যহতিও দেওয়া হয়। কিন্তু বিজ্ঞপ্তি জারির ২ ঘন্টার মধ্যেই আবার তা প্রত্যাহার করে নেয় নোয়াখালী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সুপারিশ প্রত্যাহারের বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগ সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী।

তবে এ বিষয়ে সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ একরামুল করিম চৌধুরী ফেসবুক লাইভে এসে জানিয়েছেন আব্দুল কাদের মির্জার অব্যহতি এখনও বহাল রয়েছে।

এর আগে জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারন সম্পাদক সাক্ষরিত চিঠিতে এই সুপারিশ করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিগত কয়েক সপ্তাহ থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্য নির্বাহী কমিটির সদস্য ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা দলীয় নেতা ও কর্মীদের ওপর সন্ত্রাসী লেলিয়ে দিয়ে গুরুতরভাবে আহত করায় এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা ও জেলা আওয়ামী লীগের নেতাদের সম্পর্কে মিথ্যা, অশালীন বক্তব্য ও আপত্তিজনক উক্তি বিভিন্ন সভা-সমাবেশে এবং ফেসবুক লাইভে এসে সংগঠনবিরোধী অশোভনীয় মন্তব্য ও নেতা এবং কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগে আবদুল কাদের মির্জাকে সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হলো।

সংগঠন বিরোধী উল্লেখিত কারণ ও দলীয় গঠনতন্ত্র পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে আবদুল কাদের মির্জাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের করার জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কাছে সুপারিশ পেশ করা হয়েছে।

সূত্র-কালের কন্ঠ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর