আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মোবাইল ফোনের গ্রাহকরা বাংলায় লেখা এসএমএস পাঠালে খরচ অর্ধেক হবে। এই উদ্যোগটি গ্রহণ করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
শনিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর বিটিআরসি মিলনায়তনে বিটিআরসি, অ্যামটব ও মোবাইল অপারেটরদের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে অর্ধেক খরচে বাংলা এসএমএস উদ্বোধন করেন।
জানা যায়, গ্রামীনফোন ও টেলিটক গ্রাহকরা উদ্বোধনী দিন থেকেই এই সুবিধা ভোগ করবেন। রবি গ্রাহকরা ১৫ মার্চ থেকে ও বাংলালিংক গ্রাহকরা ৩১ মার্চ থেকে এই সুবিধা পাবেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, বাংলাভাষার জন্য রক্ত দিয়ে বাংলা ভাষাভিত্তিক বাংলাদেশ রাষ্ট্রটি প্রতিষ্ঠার পর আমাদের নৈতিক দায়িত্ব সর্বত্র বাংলা চালু করা। মোবাইলে বাংলা এসএমএস মূল্য অর্ধেক করায় তিনটি বিদেশি মোবাইল কোম্পানিকে ধন্যবাদ জানাচ্ছি। তারা বাণিজ্যের প্রতি না তাকিয়ে বাংলার প্রতি তাকিয়েছেন, বঙ্গবন্ধু এবং ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
বিটিআরসির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বর্তমানে প্রতি এসএমএস পাঠাতে ৫০ পয়সা (ভ্যাট ও ট্যারিফ ছাড়া) খরচ হয়। বাংলা অক্ষরে লিখে পাঠালে তা ২৫ পয়সা (ভ্যাট ও ট্যারিফ ছাড়া) খরচ হবে। ২০১০ সালের ১৫ আগস্ট থেকে প্রতি এসএমএসে খরচ ৫০ পয়সা (ভ্যাট ও ট্যারিফ ব্যতীত) নির্ধারিত ছিলো।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন, গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমানসহ বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এসজে