প্রাণঘাতী করোনা প্রতিরোধী টিকার সুষম বন্ঠনে ব্যর্থতার অভিযোগে পদত্যাগ করেছেন আর্জেন্টিনার স্বাস্থ্যমন্ত্রী জিনস গঞ্জালেস। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দেশটির প্রেসিডেন্টের নির্দেশ মেনে তিনি স্বীয় পদ ছাড়তে বাধ্য হন।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, করোনার টিকা পাওয়ার পর দেশটির সম্মুখসারীর করোনাযোদ্ধাদের টিকাদানে অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও স্বজনপ্রীতি করে অন্য লোকজনও টিকা পেয়েছেন।
নীতিমালার বাইরে এক সাংবাদিক মন্ত্রীর সুপারিশে টিকা পেয়ে যান। এই ঘটনা আবার একটি রেডিও স্টেশনে গিয়ে তিনি বেশ গর্বভরে প্রকাশ করেন। এরপর থেকে শুরু হওয়া সমালোচনার জের ধরেই পদ হারাতে হয়েছে স্বাস্থ্যমন্ত্রী জিনস গঞ্জালেসের।
হোরাসিও ভার্বিটস্কি নামের ওই সাংবাদিক জানান, প্রচলিত নিয়মে তিনি ভ্যাকসিন পেতেন না। কিন্তু মন্ত্রীর সাথে সুসম্পর্ক থাকায় তিনি সেটা পেয়ে গেছেন।
তবে টুইট করে স্বাস্থ্যমন্ত্রী গঞ্জালেস জানান, আমি যখন অফিসে ছিলাম না তখন অফিসের লোকজন ভুল করে টিকা দিয়ে ফেলেছে। সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত একটি ঘটনা।
বার্তাবাজার/এসজে