বিমানের বহরে যোগ হচ্ছে নতুন বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নতুন করে যোগ হচ্ছে ড্যাশ-৮ মডেলের আরেকটি উড়োজাহাজ। এই উড়োজাহাজের নির্মাতা কানাডার প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড বম্বার্ডিয়ার অ্যারোস্পেস।

আগামী বুধবার (২৪ ফেব্রুয়ারি) কানাডা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করবে প্লেনটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সূত্রে জানা যায়, বাংলাদেশ এবং কানাডা সরকারের মধ্যে জি টু জি ভিত্তিতে ক্রয়কৃত তিনটি ড্যাশ-৮ উড়োজাহাজের প্রথমটি গত বছরের ২৭ ডিসেম্বর বিমানের বহরে যুক্ত হয়েছে। দ্বিতীয় উড়োজাহাজটি আগামী ২৪ ফেব্রুয়ারি দেশে আসার কথা রয়েছে।

এই উড়োজাহাজে রয়েছে ৭৪টি আসন। ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজটি পরিবেশবান্ধব এবং অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ। উড়োজাহাজগুলো বহরে যুক্ত হওয়ার পর বিমান অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের আন্তর্জাতিক রুটে যাত্রীদের আরও উন্নত ইন-ফ্লাইট সেবা দিতে সক্ষম হবে।

বর্তমানে বিমান বহরে বিদ্যমান মোট উড়োজাহাজের সংখ্যা ১৯টি। এর মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, চারটি বোয়িং ৭৮৭-৮, দু’টি বোয়িং ৭৮৭-৯, ছয়টি বোয়িং ৭৩৭ এবং তিনটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ। নতুন প্লেন যুক্ত হলে সংখ্যা দাঁড়াবে ২০।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর