উলিপুরে শ্রমিক ইউনিয়নের সভাপতির উপর হামলার প্রতিবাদে পরিবহন ধর্মঘট

কুড়িগ্রামের উলিপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে শ্রমিক ইউনিয়নের সভাপতির উপর হামলার প্রতিবাদে পরিবহন ধর্মঘট পালিত হয়েছে। ধর্মঘট চলাকালে পৌরশহরের রাস্তা-ঘাট বন্ধ থাকায় জনদূর্ভোগের সৃষ্টি হয়।

শনিবার (২০ ফেব্রুয়ারী) সকাল ৬ থেকে পরিবহন ধর্মঘট শুরু হলে থানা প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে তা দুপুরে প্রত্যাহার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, পাট বোঝাই একটি ট্রাক চিলমারী থেকে শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে উলিপুর আসার পথে চিলমারী-উলিপুর সড়কের তবকপুর কাটাখালিরপাড় নামকস্থানে পৌঁছিলে সড়কের উপর হেলে থাকা গাছের ডাল ট্রাকের ধাক্কায় ভেঙ্গে পড়ে শংকর সরকার (৪২) নামে এক পথচারী গুরুত্বর আহত হন। এ সময় তার ডান পা ভেঙ্গে যায়। এ ঘটনায় তবকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম রাজা এলাকার লোকজনের মাধ্যমে ট্রাকটি আটক করে তার জিম্মায় নেন।

দূর্ঘটনায় গুরুত্বর আহত পথচারী শংকর সরকারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে ট্রাক আটকের খবর পেয়ে ওই দিন বিকালে উলিপুর ট্রাক-টেংলরি-কভার ভ্যান-ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলামসহ কয়েকজন শ্রমিক নেতা ট্রাকটি উদ্ধার করতে রেজাউল করিম রাজার তবকপুরস্থ বাড়িতে যান।

সেখানে ওই আওয়ামীলীগ নেতা ও শ্রমিক নেতাদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে রাজার নেতৃত্বে শ্রমিক নেতাদের উপর হামলা করা হয় বলে দাবী করেন সাইফুল ইসলাম।

এ ঘটনায় শ্রমিকদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। শ্রমিক লাঞ্চিতের প্রতিবাদে শুক্রবার গভীররাত পর্যন্ত মাইকিং করে উপজেলায় অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘট আহবান করা হয়। এদিকে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করে ও সহকারী চালক নুরন্নবী (৩৫) কে আটক করে থানায় নিয়ে আসেন।

ধর্মঘটের সমর্থনে শনিবার সকালে পৌরশহরে শ্রমিকরা দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় চিলমারী-কুড়িগ্রাম সড়কে সমস্ত যান চলাচল বন্ধ থাকায় জনদূর্ভোগের সৃষ্টি হয়। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে শনিবার দুপুরে থানা প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে উভয় পক্ষের মধ্যে বিষয়টি মিমাংসা হয়। এরপর দুপুর ১২টায় ধর্মঘট প্রত্যাহার করে নেয় শ্রমিকরা।

তবকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম রাজা জানান, সড়ক দূর্ঘটনায় তার এক কর্মী গুরুত্বর আহন হন। তাকে মুমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুরে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে থানায় সকলের উপস্থিতিতে বিষয়টি মিমাংসা করা হয়।

শ্রমিক নেতাদের উপর হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই শ্রমিক নেতা ঘটনাস্থলে এসে অকথ্য ভাষায় গালাগালি করলে সেখানে সামান্য উত্তেজনা সৃষ্টি হয়।

উলিপুর ট্রাক-টেংলরি-কভার ভ্যান-ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ট্রাক দূর্ঘটনায় আহত পথচারীকে উলিপুর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য আমরা নিজেরাই রংপুরে পাঠানোর ব্যবস্থা করি। এরপর পাট বোঝাই আটক ট্রাকটি ছাড়াতে গেলে আওয়ামীলীগ নেতা রেজাউল করিম রাজা আমাদের সাথে দূর্ব্যবহার করে তার লোকজনসহ আমাদের উপর হামলা চালায়।

এ ঘটনার প্রতিবাদে পরিবহন ধর্মঘট আহবান করা হয়। উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বলেন, পৌর মেয়র মামুন সরকার মিঠু ও কাউন্সিলর আনিছুর রহমানের উপস্থিতিতে উভয় পক্ষকে নিয়ে বিষয়টি মিমাংসা করা হয়েছে। শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

শিমুল দেব/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর