আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট খেলতে আগামী এপ্রিলে সফরে যাবে বাংলাদেশ দল। এপ্রিলের ১২ থেকে ১৫ তারিখের মধ্যে টাইগাররা লঙ্কা সফরে যাবে।
সিরিজের দুটি টেস্ট ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। তবে এখনো ভেন্যু চূড়ান্ত হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাদের সঙ্গে শ্রীলঙ্কা বোর্ডের যোগাযোগ হচ্ছে। এখন পর্যন্ত দুটি টেস্ট চূড়ান্ত। ম্যাচ দুটি এক ভেন্যুতেই হবে। আমরা আশা করি এপ্রিলের ১২ থেকে ১৫ তারিখের মধ্যে বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফর করবে। যেহেতু ভেন্যু স্বাগতিক দেশ ঘোষণা দেয় তাই বিষয়টা তাদের কাছ থেকে আসলেই ভালো হবে।
উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসের কারণে বাংলাদেশ শ্রীলঙ্কা সফর দুইবার পিছিয়েছে। গত বছরের জুনে এই সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এরপর দ্বিতীয়বার অক্টোবরে হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। এবার এপ্রিলে এই সফর অনুষ্ঠিত হবে।
বার্তাবাজার/নব