ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর পুরোটা খেলতে শ্রীলঙ্কা সফর থেকে ছুটি চেয়েছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে ছুটি দিয়েছে।
এবারের আইপিএলে সাকিব খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। গত ১৮ ফেব্রুয়ারি আইপিএলের নিলামে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে কিনে কলকাতা। সাকিব ছাড়াও এবারের আইপিএল মাতাবেন মুস্তাফিজুর রহমান। ১ কোটি ভিত্তিমূল্যে মুস্তাফিজকে কিনে নেয় রাজস্থান রয়্যালস।
আইপিএলে খেলতে শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব। মুস্তাফিজও যদি এমনটা চায় তাহলে তাকে ছুটি দেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান।
তিনি বলেন, হ্যাঁ, চাইলে আমরা অবশ্যই মুস্তাফিজকে ছুটি দেবো। আমরা সাকিবকে ছুটি দিয়েছি এবং মুস্তাফিজের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটবে।
যদিও মুস্তাফিজ এখনো ছুটির আবেদন করেননি। গত কয়েক বছর আইপিএল খেলতে ছাড়পত্র পাননি মুস্তাফিজ। তবে এবার তাকে আইপিএলে খেলার অনুমতি দিয়েছে বিসিবি।
বার্তাবাজার/নব