নোয়াখালীর কোম্পানীগঞ্জে সকাল সন্ধ্যা হরতাল কিছুটা শিথিল করেছে বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা থাকার কারণে হরতাল কিছুটা শিথিল করে দেন কাদের মির্জা।
আজ সকাল ১০টার দিকে হরতালের পক্ষে মিছিল শেষে কোম্পানীগঞ্জের রূপালী চত্বরে এক বক্তব্যে তিনি ঘোষণা দেন।
তিনি তার বক্তব্যে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষা থাকায় আজকের হরতাল শিথিল করে দুপুর ১২টা পর্যন্ত করা হয়েছে।
চলমান হরতালের নাশকতা রোধে পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থান ও মোড়সমূহে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকালে কাদের মির্জার সমর্থকরা থানার সামনে অবস্থান নিলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেন।
কোম্পানীগঞ্জ শহর ঘুরে দেখা যায়, শহরের দোকানপাট বন্ধ রয়েছে। বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস-ট্রাক ছেড়ে যায়নি এবং বাইরে থেকে কোনো বাস-ট্রাক কোম্পানীগঞ্জে আসেনি। হরতালের সমর্থনে রাস্তায় গাছের গুঁড়ি ফেলা হয়েছে। বন্ধ রয়েছে আন্তজেলা রুটের সকল বাস। তবে সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে।
কোম্পানীগঞ্জ থানা পুলিশের ডিউটি অফিসার এএসআই ইসমাইল গণমাধ্যমকে বলেন, সকাল ৮টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মেয়র আবদুল কাদের মির্জার সমর্থকরা থানার সামনে অবস্থান করতে চাইলে আমরা লাঠিচার্জ করে তাদের সরিয়ে দিয়েছি। হরতালে সহিংসতা ঠেকাতে পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থান ও মোড়সমূহে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে হরতালের সমথর্ন ও হরতাল সফল করার আহ্বান জানিয়ে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পৌর এলাকার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন মেয়র আবদুল কাদের মির্জা।
প্রসঙ্গত, শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে চাপরাশিরহাট বাজারে কাদের মির্জা ও মিজানুর রহমান বাদল অনুসারী আওয়ামী লীগের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। তাদের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে বার্তা বাজারের নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির গুলিদ্ধি হন। এ ঘটনার পরই আবদুল কাদের মির্জা শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন।
বার্তাবাজার/ই.এইচ.এম