বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় রশিদ খান। লেগ স্পিনে বাঘা বাঘা ক্রিকেটারদের কুপোকাত করেছেন রশিদ। এবার বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজমের বিপক্ষে বল করার জন্য মুখিয়ে আছেন তিনি।
আজ থেকে মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসর। এবারের আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন রশিদ। বাবর খেলবেন করাচি কিংসের হয়ে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রশিদ খান জানান, বিশ্বের সেরা ৫ ব্যাটসম্যানের একজন বাবর। তার বিপক্ষে লড়াইয়ের জন্য মুখিয়ে আছেন তিনি। বাকি চার সেরা ব্যাটসম্যান হলেন- এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন ও স্টিভ স্মিথ।
রশিদ খান বলেন, সেরা ব্যাটসম্যানদের বিপক্ষে বোলিং করাটা আমি উপভোগ করি। আইপিএলে এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন ও স্টিভ স্মিথের বিপক্ষে বোলিং করেছি। সেরা ব্যাটসম্যানদের বল করলে বোঝা যায়, আমার বোলিং কি অবস্থায় আছে এবং আমাকে কোথায় উন্নতি করতে হবে।
বাবরের প্রসঙ্গে রশিদ বলেন, বাবরের বিপক্ষে এশিয়া কাপে খেলেছিলাম। এছাড়াও সিপিএলে আমরা এক সাথে খেলেছি। সে আমার ভালো বন্ধু। তার বিপক্ষে ভুল করা যাবে না। বাবরের বিপক্ষে খেলাটা কঠিন চ্যালেঞ্জ।
বার্তাবাজার/নব