আইসিইউতে গুলিবিদ্ধ সাংবাদিক মুজাক্কির, অবস্থা আশঙ্কাজনক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আব্দুল কাদের মির্জা ও বাদল গ্রুপের সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহ করার সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত বার্তা বাজার প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কিরের অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধায় কোম্পানীগঞ্জে গুলিবিদ্ধ হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই লাইফ সাপোর্টে আছে।

জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নেতৃত্বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সমর্থনে উপজেলার চাপরাশিরহাট বাজারে একটি মিছিল বের করা হয়। একই সময় ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার সমর্থকরাও একটি মিছিল বের করে।

মিছিল দুটি বাজার প্রদক্ষিণ করার সময় মুখোমুখি হয়, এসময় উভয়পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে প্রায় ২০ নেতাকর্মী আহত হন। এসময় আহত হন বার্তাবাজারের নোয়াখালীর নিজস্ব প্রতিবেদক বুরহান উদ্দিন মুজাক্কির। আহতদেরকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়া হয়। গুরুতর আহত মুজাক্কিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর