মধ্যরাতের হামলার প্রতিবাদে ববিতে মশাল মিছিল

তিন দফা দাবি না মানায় ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষে পুনরায় মহাসড়ক অবরোধে নেমেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দাবির সমর্থনে মশাল মিছিল করেন আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বিক্ষোভ মিছিল শেষে ক্যাম্পাসের মূল ফটকের সামনে বরিশাল কুয়াকাটা মহাসড়কে অবরোধ শুরু করেন তারা। এতে চরম ভোগান্তিতে পড়েছে ভোলা-পটুয়াখালী-বরগুনা ও কুয়াকাটাগামী যাত্রীরা।

আন্দোলনকারীদের অভিযোগ, গত মঙ্গলবার মধ্যরাতে তাদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় পুলিশ রহস্যজনক কারণে এখনো কাউকে আটক করেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহতরা হামলাকারীদের নামের তালিকা দিলেও প্রশাসন তাদের বিরুদ্ধে মামলা না করে অজ্ঞাতদের আসামি করে থানায় লিখিত অভিযোগ দেয়। শিক্ষার্থীরা তা প্রত্যাখান করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

সড়ক অবরোধের পাশাপাশি সন্ধ্যায় দাবির সমর্থনে মশাল মিছিল করেন আন্দোলনরত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় শুভ বার্তা বাজারকে বলেন, উপাচার্য আমাদের থেকে ৪৮ ঘণ্টার সময় নিয়েছিলেন। কিন্তু এর মাঝে আমাদের কোন দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসন পূরণ করতে পারেননি।

শুভ বার্তা বাজারকে আরো বলেন, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন কোতোয়ালি থানায় একটি মামলা করেছে। কিন্তু এতে কোন আসামির নাম উল্লেখ করা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃশ্যত একটি শ্রমিক সংগঠনের নেতাকেও ভয় পাচ্ছে। যেখানে আমরা হামলায় অংশ নেয়া নেতৃবৃন্দের নাম উল্লেখ করেছি। এজাহারে গুরুতর জখমের কথা উল্লেখ করা হয়েছে। এটা হতে পারতো একটা হত্যাচেষ্টার মামলা। আমরা এই মামলা প্রত্যাখ্যান করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

আমাদের দাবি থাকবে আসামিরা যে দলের, যতবড় ক্ষমতাবান হোক না কেন তাদের অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে এবং আইনের আওতায় নিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হামলায় জড়িতদের নাম উল্লেখ করে মামলা করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রুত কুমার দাস বার্তা বাজারকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ঘটনার সুষ্ঠু সমাধানের। আমরা শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রাখছি। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার বরিশাল নগরীর রুপাতলি বিআরটিসি বাস কাউন্টারে টিকিট সংগ্রহ নিয়ে বাকবিতন্ডায় বাস কর্মচারী রফিক কর্তৃক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ছুরিকাঘাত হলে শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করে যার জের ধরে পরদিন মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক বাসায় গিয়ে সশস্ত্র হামলা শুরু করে শ্রমিক সন্ত্রাসীরা।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর