মামলা তুলে না নেয়ায় বাদীর ওপর হামলা, নারীসহ আহত ৮

ফরিদপুরের বোয়ালমারীতে মামলা তুলে না নেয়ায় বাদীর ওপর হামলা করেছে আসামী পক্ষের লোকজন। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, লাথিতে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটের বাচ্চা নষ্ট হওয়ার অভিযোগে ২৯ নভেম্বর বোয়ালমারী থানায় দায়ের করা মামলার বাদী ওহিদ মিয়াকে মামলা তুলে নিতে ওই মামলার ১নং আসামী সরোয়ার খা চাপ দেয়। ওহিদ মিয়া পেশাগত কাজে ঢাকায় থাকেন। শুক্রবার পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি গ্রামের বাড়ি পরমেশ্বরদী আসেন। এ সময় সরোয়ার খার নেতৃত্বে পূর্ব পরিকল্পিতভাবে সরোয়ার খার ছেলে সেনা সদস্য সাইফুল খান, রওশন মুন্সীর ছেলে সেনা সদস্য বদর মুন্সী, আইউব খন্দকার, মনেজ মৃধা, লিঠু মিয়াসহ শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে ওহিদ মিয়া এবং ওই অনুষ্ঠানে আসা আত্মীয়দের উপর হামলা করে।

এতে সোহাগ মিয়া (৩০), রাজিয়া বেগম (২৬), ওহিদ মিয়া (৩৪), মাসুদ মিয়া (২৮), মেহেদী হাসান (২৫), মাসাদ মিয়া (২৫), সাইফুল ইসলাম জাসু (৩০) ও মুন্সী হাফিজুর রহমান আহত হন। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় দুর্বৃত্তরা ৩টি বাড়িঘর ও একটি মোটর সাইকেল ভাংচুর করে।

এ ব্যাপারে বক্তব্য জানতে সরোয়ার খার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে ব্যস্ত আছি বলে ফোন কেটে দেন।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বার্তা বাজারকে বলেন, খবর শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করে নাই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, জমিজমা ও আধিপত্য নিয়ে রাসেল কাজী এবং রিপন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এর জেরে ২৭ নভেম্বর সরোয়ার খার নেতৃত্বে ১০/১৫ জন অতর্কিতে আক্রমণ করে রিপন মিয়ার ১৫ সমর্থকের বাড়িঘর ভাংচুর করে। তখন সরোয়ার খার লাথির আঘাতে রিপন মিয়ার মামাতো ভাই ওহিদ মিয়ার স্ত্রী শিউলির (৩০) পেটের ৩/৪ মাসের বাচ্চা নষ্ট হওয়ার অভিযোগে বোয়ালমারী থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন ওহিদ মিয়া।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর