উগান্ডায় সাংবাদিক নির্যাতনের দায়ে দেশটির ৭ সেনাসদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দেশটির সেনাবাহিনী এই শাস্তির কথা জানিয়েছে। খবর রয়টার্স।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানী কাম্পালায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের বাইরে খবর সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা হয়। হামলায় জড়িত হিসেবে প্রমাণিত হওয়ার পর সেনাসদস্যদের শাস্তির মুখোমুখি হতে হয়েছে।
সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনের ঘটনায় উগান্ডায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের শাস্তির বিষয়টি অত্যন্ত বিরল। সম্প্রতি দেশটির বিরোধী নেতা ববি ওয়াইনের সমর্থকদের বিরুদ্ধে দমন-পীড়ন চালানোর প্রেক্ষাপটেই বেড়েছে সাংবাদিকদের ওপর হামলা।
বুধবার পপ তারকা এবং আইনপ্রণেতা ববির কর্মসূচি কাভার করার সময় সাংবাদিকেরা শিকার হন নিরাপত্তা বাহিনীর মারধরের। এদিন কাম্পালায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে একটি আবেদন জমা দেন ববি। ওই আবেদনে তিনি দেশটিতে নির্যাতন, অপহরণ, অবৈধ আটকসহ মানবাধিকার লঙ্ঘনের নানা অভিযোগ তদন্ত করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান।
এনটিভি উগান্ডায় প্রচারিত একটি ফুটেজে দেখা যায়, সাংবাদিকদের ইচ্ছামত লাঠিপেটা করছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। হামলার মুখে সাংবাদিকেরা দিগ্বিদিক ছুটছেন। হামলায় আহত সাংবাদিকদের মধ্যে অন্তত চারজনের অবস্থা গুরুতর বলে জানা যায়। তাদের মধ্যে কারও কারও মাথায় আঘাত রয়েছে।
প্রসঙ্গত, জানুয়ারিতে উগান্ডায় প্রেসিডেন্ট নির্বাচন হয়। দেশটিতে ৩৫ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ইয়োবেরি মুসেভেনি নির্বাচনে আবার জয়ী হন। এই নির্বাচনে ব্যাপক অনিয়ম-কারচুপির অভিযোগ করে প্রধান প্রতিদ্বন্দ্বী ববি ওয়াইন ফলাফল প্রত্যাখান করেন।
বার্তাবাজার/ভি.এস