গৃহে কোরআন শিক্ষাদানের অপরাধে মক্কায় নারী আটক

বাড়িতে বসে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন শিক্ষা দেওয়ার অপরাধে সৌদি আরবের পবিত্রতম নগরী মক্কায় আয়েশা আল মুহাজিরি নামের এক নারী আলেমকে গ্রেফতার করেছে পুলিশ। দেশটির গোয়েন্দা সংস্থার সাথে মিলে পুলিশ ওই গ্রেফতার অভিযান চালায়।

মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডলইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়, বৃদ্ধ বয়সে উপনীত আয়েশা আল মুহাজিরি দেশটির একজন প্রখ্যাত আলেম। তার সাথে ৮০ বছর বয়সী আরও এক নারীকে আটক করা হয়েছে। তবে তার বিষয়ে কোনো তথ্য প্রকাশ করতে কেউ রাজি হয়নি।

জানা যায়, তাদেরকে আটক করে জেদ্দা শহরের ধাবান কারাগারে রাখা হয়েছে। আয়েশা আল মুহাজিরিকে আটকের পর তার সন্তানেরা গ্রেফতারের কারণ জানতে চাইলে তাদেরকেও হুমকি দেয় পুলিশ।

উল্লেখ্য, সৌদি আরবের বর্তমান সরকারের সমালোচনা করার দায়ে গত কয়েক বছরে বেশ কয়েকজন আলেমকে গ্রেফতার করেছে দেশটির প্রশাসন। তাদের মধ্যে নারী ছাড়াও মানবাধিকার কর্মী ও সাংবাদিক আছেন।

এর আগে গত সপ্তাহে দেশটির সুপরিচিত মানবাধিকার কর্মী লুজাইন আল হাতলুল তিন বছর কারাভোগের পর মুক্ত হয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর