উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারের টাকার কোনো অভাব নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সরকার টাকা দিলে সংশ্লিষ্টদেরকে ভাল কাজ করতে হবে বলেও তিনি শর্ত দেন। একইসাথে টাকা ও সময় অপচয় রোধ করার উপরও গুরুত্ব দেন।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুরে রানীগঞ্জ সেতুর নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি দেশের উন্নয়নকে পিছিয়ে দিয়েছিল। কিন্তু আমরা এখন ঘুরে দাঁড়িয়েছি। ডিসেম্বর মাসের মধ্যে সেতুর কাজ শেষ করে সুনামগঞ্জের সাথে রাজধানীর স্বল্প সময়ে সড়ক যোগাযোগ স্থাপন করা হবে।
দেশের স্বার্থে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি মহল দেশের সার্বিক উন্নয়নকে পছন্দ না করে উন্নয়ন নিয়ে নানা বিভ্রান্তি ছড়ায়। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
এসময় স্থানীয় প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ মন্ত্রীর সাথে ছিলেন।
বার্তাবাজার/এসজে