লাঠি নিয়ে থানার সামনে নেতাকর্মীদের অবস্থান নিতে কাদের মির্জার আহ্বান

লাঠিসোটা হাতে নিয়ে হাজার হাজার নারী-পুরুষকে শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার সামনে আসার নির্দেশ দিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

তিনি শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে থানার সামনে দুই ঘন্টা অবস্থান ধর্মঘটে বক্তব্য দেয়াকালে এ নির্দেশনা দেন।

মির্জা কাদের বলেন, অপশক্তিরা আজ একসাথ হয়েছে। এদেরকে প্রতিহত করতে হবে। শাহাব উদ্দিনের নেতৃত্বে ঢাকায় আর মিজানুর রহমান বাদল ও আমার ভাগিনা রাহাতের নেতৃত্বে কোম্পানীগঞ্জে অপশক্তিরা একজোট হয়েছে। এদেরকে একরাম চৌধুরী ও নিজাম হাজারীরা টাকা দিয়ে এসব করাচ্ছে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, লাঠিসোটা হাতে নিয়ে অপশক্তি পেলেই গিরার নীচে মেরে থানায় দিবেন, থানা বিচার না করলে জনতার দিবেন। এসময় মটর সাইকেল রেড়ি রাখতেও বলেছেন কাদের মির্জা।

তিনি আরও বলেন, একা যাইও না আমাকেও সাথে নিও। যেখানেই অপশক্তিরা একসাথ হবে সেখানেই প্রতিহত করবে। তবে, কোন এলাকায় অপশক্তিরা কিছু করলে ওই এলাকার চেয়ারম্যানরা দায়ী থাকবেন।

এদিকে গত কয়েকদিন নোয়াখালীর জেলা প্রশাসক খোরশেদ আলম, পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি এবং পরিদর্শক (তদন্ত) মোঃ রবিউল হকের প্রত্যাহারের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে আসছেন। এ দাবিতে তিনি গত বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) কোম্পানীগঞ্জে আধাবেলা হরতালও পালন করেন।

বুরহান উদ্দিন মুজাক্কির/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর